ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহে মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার সকাল ৬টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারি বাজার সংলগ্ন চন্দ্রপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- গৌরীপুরের দুর্বারচরের নামার বাড়ি এলাকার ওবায়দুর রহমানের স্ত্রী মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), মোহাম্মদ মানিকের স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), ময়মনসিংহ সদরের নাটকঘর লেন এলাকার সাইফুলের শিশু সন্তান প্রীতি (৭) ও রীতি (১৪)।

গুরুতর আহত দুই ব্যক্তি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- গৌরীপুরের ভাংগামারী এলাকার মানিকের মেয়ে মাহি (১৬) এবং নজরুলের স্ত্রী শ্যামলী আক্তার (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতির একটি মালবাহী ট্রাক গৌরীপুরগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করার পর আরও একজনের মৃত্যু হয়।

গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার হোসেন বলেন, সকালে রাস্তা ফাঁকা থাকায় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ট্রাকটিকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানা গেছে, দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক একজন প্রতিবন্ধী ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন