নিয়ামতপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নওগাঁ

নিয়ামতপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমসের আলী (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের চক দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জমসের আলী ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি মান্দা মমিন শাহানা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

পরিবার ও থানা সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জমসের আলী। দীর্ঘদিন ধরে তিনি একাকিত্বে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। পরদিন সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহতের বাবা শাহজাহান আলী শোকাহত কণ্ঠে বলেন, “ছেলেটা অনেকদিন ধরেই একা একা থাকতে পছন্দ করত। রাতে খাওয়া-দাওয়া করে ঘুমাতে গেল, কিন্তু সকালে আর জীবিত পাওয়া গেল না।”

খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...