সাত বছর পর অপহরণ ও হত্যা মামলার ‘ভিকটিম’ জীবিত উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

সাত বছর পর অপহরণ ও হত্যা মামলার ‘ভিকটিম’ জীবিত উদ্ধার
ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি অপহরণ ও হত্যা মামলার ভিকটিম মোছা. আয়েশা খাতুন (২৪)কে দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার করা হয়েছে। ৩ মে রাত সোয়া ৮টার দিকে ভোলাহাট কলেজ মোড় বিআরটিসি কাউন্টারের সামনে থেকে আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট উপজেলার খালে আমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন ২০১৯ সালের ৩১ মে দুপুরে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় তার মা আদুরী বেগম আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য আব্দুল রাকিব বলেন, একই গ্রামের বিআরটিসি বাসের হেলপার আলমগীর আলী মেয়েটিকে রাজশাহীতে দেখে সন্দেহ হওয়ায় তিনি পরিচয় জিজ্ঞাসাবাদ করেন। সঠিক পরিচয় পেয়ে বিআরটিসি ডিপোর ম্যানেজার ও বাস ড্রাইভারকে বিষয়টি জানান এবং আমাকে অবহিত করেন। বিষয়টি জানার পরে ভোলাহাট থানার ওসি’র সঙ্গে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী আয়েশাকে ভোলাহাটে নিয়ে আসা হয়।

মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন বলেন, রাজশাহীর আলুপট্টি এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ভিকটিমকে শনাক্ত করে বাসে করে ভোলাহাটে পাঠানো হয়। পরে ভোলাহাট বিআরটিসি কাউন্টার থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বর্তমানে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন