গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন বলেন, মঙ্গলবার গভীর রাতে চৌদ্দমাথা এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সপ্তাহখানেক আগেও এলাকায় মশাল মিছিল বের করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বের হয়ে তারা বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন।

গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন