দেশের চলমান জ্বালানি সংকট বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে রাজশাহীতে ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে নজরদারি শুরুর কথা জানিয়েছে বিজিবি।
রোববার থেকে জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ১২টি পেট্রোল পাম্পে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন।
মহানগরীর শিরোইল কলোনির যমুনা অয়েল ডিপোর সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ কথা জানান।
তিনি জানান, রাজশাহীতে পদ্মা, মেঘনা ও যমুনার তিনটি অয়েল ডিপো আছে। এছাড়া জেলায় ফিলিং স্টেশন রয়েছে ১২টি। এগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে বিজিবি। এমনকি সীমান্তবর্তী পদ্মার চরেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে ভারতে জ্বালানি তেল পাচার না হয়ে যায়।
লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, বিজিবিকে ডিপোগুলোকে নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য তিনটি ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর সার্বিক নিরাপত্তা এবং সরবরাহ নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
তিনি জানান, ভারতে বাংলাদেশের চেয়ে জ্বালানি তেলের মূল্য বেশি। কাজেই বিদ্যমান বিশ্ব পরিস্থিতির কারণে একটি অসাধু চক্র জ্বালানি তেল মজুদের পাশাপাশি অধিক মূল্যে বিক্রির আশায় তা সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে আসছে। এ জন্য সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি।
বিজিবির এই কর্মকর্তা আরো বলেন, দেশের এই সংকটকালে নজরদারির পাশাপাশি রাজশাহীর স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করছে বিজিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

