আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জ্বালানি তেল সাশ্রয়ে কঠোর বিজিবি, ভারতগামী ট্রাকগুলোতে তল্লাশি

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

জ্বালানি তেল সাশ্রয়ে কঠোর বিজিবি, ভারতগামী ট্রাকগুলোতে তল্লাশি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীলতা ও সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ প্রেক্ষাপটে অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতগামী খালি ট্রাকগুলোতে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করার বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। সকালে বিজিবির একটি বিশেষ টিম বন্দরে অবস্থান নিয়ে ভারত থেকে আসা ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় তেলের পরিমাণ রেকর্ড করছে। পরবর্তীতে পণ্য খালাস করে ট্রাকগুলো ভারতে ফিরে যাওয়ার সময় পুনরায় তেলের মাপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, মূলত বাংলাদেশের জ্বালানি তেল যেন কোনোভাবেই ভারতে পাচার হতে না পারে, সেজন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আসার সময় ট্রাকের তেল মেপে রাখছি এবং রিটার্ন করার সময় পুনরায় পরীক্ষা করছি যেন অতিরিক্ত তেল নিয়ে কেউ যেতে না পারে।

তিনি আরও বলেন, এই নিয়মিত চেকিংয়ের ফলে পাচারকারীরা নিরুৎসাহিত হবে এবং জাতীয় সম্পদ রক্ষা পাবে। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...