ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার চেতনা সমুন্নত রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ভূমিমন্ত্রী


ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার চেতনা সমুন্নত রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: ভূমিমন্ত্রী
ছবি: আমার দেশ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনা সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বুধবার সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আন্দোলনে সব শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার সব সময় পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে।

বিজ্ঞাপন

শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সুখী-সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে শহীদ হয়েছিল, সেই সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।’

এ সময় শহীদ শাকিব আঞ্জুমের বাবা বলেন, ‘আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

এর আগে ভূমিমন্ত্রী স্মৃতিস্তম্ভে জেলা এবং বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন—রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

এদিকে, সকাল থেকেই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক নিয়ে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। স্মৃতিস্তম্ভের আশেপাশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন