জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের সময় ২১৫ কেজি ওজনের একটি কালো কষ্টিপাথরের অংশবিশেষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা কষ্টিপাথরের দাম ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার খামারপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ভারতে পাচারের সময় সোমবার দিবাগত রাতে ২১৫ কেজি ওজনের একটি কালো কষ্টিপাথরের অংশবিশেষ উদ্ধার করে। একই সঙ্গে শ্রী কৃষ্ণ নামের একজনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত শ্রী ভবেন্দ্র কৃষ্ণের ছেলে।
অভিযান শেষে আটক ব্যক্তিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, উদ্ধার করা কষ্টিপাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন পাহাড়পুর বৌদ্ধবিহার, বদলগাছী, নওগাঁর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

