চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম (নাসিম)।
রোববার বেলা ২টায় তাকে আটক করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগমন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি রাজশাহী শহরে বসবাস করতেন।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় আইনগত জটিলতার তথ্য পাওয়া যায়। পরে গোদাগাড়ী থানায় খোঁজ নিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানার মামলা নম্বর-৭, তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ এবং জিআর নম্বর-৬০৫, ৬ ডিসেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নাসিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শনা ইমিগ্রেশন এখনও তাকে থানায় হস্তান্তর করেনি। গ্রেপ্তার নাসিমকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আত্মগোপনে থাকা দলটির এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ ও কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও অনলাইনে ঘোষিত বিভিন্ন কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় থাকতেন এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় রাখতেন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

