রাজশাহীর পুঠিয়া উপজেলার দীঘলকান্দি গ্রামে ইটভাটার কালো ধোঁয়া আর দমবন্ধ করা তাপে আম, কলাসহ মৌসুমি ফসলের ওপর নেমে এসেছে অদৃশ্য বিপর্যয়। কৃষকের ঘামে ফলানো জমি আজ ধূসর ছাইয়ের ছোঁয়ায় বিপন্ন হয়ে পড়েছে।
সরেজমিন দীঘলকান্দ গ্রামে গিয়ে দেখা গেছে, ‘মেসার্স এসবিএক্সইউ টাটা’ নামে একটি ইটভাটা ঘিরে ক্রমেই বাড়ছে স্থানীয়দের ক্ষোভ। ভাটার তীব্র তাপ আর কালো ধোঁয়ার দাপটে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে চলতি মৌসুমে আম ও কলার বাগানে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
স্থানীয় কৃষক মাহি জানালেন, ‘আমার নিজেরই প্রায় দুই বিঘার কলাগাছ নষ্ট হয়ে গেছে। শুধু আমি নই, আরো অনেকের একই অবস্থা।
আরেক কৃষক মেহেদী হাসান বলেন, চার বিঘা জমিতে আমের বাগান ছিল। আগেও সমস্যা হয়েছিল। কিছু জরিমানা দিয়েছিল ভাটা। পরে গাছ কেটে ফেলতে বাধ্য হয়েছি। এখন যেগুলো আছে, সেগুলোর আম কালো হয়ে ঝরে পড়ছে।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ভাটার মালিক শাহাবুদ্দিন। তার দাবি, ‘কোনো কৃষক সরাসরি আমার কাছে অভিযোগ করেননি। অন্যের মুখে শুনেছি অভিযোগের কথা।’
বানেশ্বর ব্লকের কৃষি কর্মকর্তা মোসা. শাহেদা খাতুন জানান, ভাটার প্রভাবে ইতিমধ্যে কিছু আমবাগান কেটে ফেলা হয়েছে। প্রায় ৫০ বিঘা কলাবাগানের মধ্যে ১৫-১৬ বিঘায় ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ পাওয়া উচিত।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

