নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উপজেলার সাতটি ইউনিয়নের নবগঠিত নতুন কমিটিগুলোও বাতিল ও বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। বুধবার জেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের বিশ্বাস অন্তু ও যুগ্ম আহ্বায়ক তৌশিকুর রহমান রাভা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলার সলিমপুর, সাহাপুর, লক্ষ্মীকুণ্ডা, পাকশী, সাঁড়া, দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নের নবগঠিত কমিটিগুলো বাতিল ও বিলুপ্ত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এরআগে মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় ও সাধারণ সম্পাদক খন্দকার আরমানের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে সাতটি ইউনিয়নে এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নবগঠিত কমিটিতে বিবাহিতদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে নিষ্ক্রিয় ব্যক্তিদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে। এই তীব্র বিতর্কের কয়েক ঘণ্টার মাথায় জেলা ছাত্রলীগ ইউনিয়ন কমিটিগুলোসহ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করল।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, বর্তমান পরিস্থিতিতে সম্মেলন করে কমিটি গঠন সম্ভব ছিল না। তাই সাংগঠনিক নিয়ম মেনে প্রায় এক মাস ধরে ইউনিয়নের নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে কী কারণে জেলা ছাত্রলীগ কমিটিগুলো বিলুপ্ত করেছে, তা আমার বোধগম্য নয়। অভিযোগের ভিত্তিতে কমিটি বিলুপ্ত করার আগে তদন্ত সাপেক্ষে তা অন্তত স্থগিত করা উচিত ছিল।
জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তৌশিকুর রহমান রাভা জানান, জেলা ছাত্রলীগের প্রদত্ত নির্দেশিকা পালনে ঈশ্বরদী উপজেলা কমিটি ব্যর্থ হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়হীনতা, কমিটিতে বিবাহিতদের অন্তর্ভুক্তি এবং যোগ্য ও ত্যাগীদের অবমূল্যায়নের জোরালো অভিযোগ প্রমাণিত হওয়ায় পুরো উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।
তিনি আরো জানান, খুব দ্রুত সময়ের মধ্যে রাজপথের ত্যাগী ও যোগ্যদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও অধীনস্থ সব ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

