আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদের মৃত্যু হয়। দুই ভাই হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার টুনু (৭৫) ও মো. রফিকুল ইসলাম (৭০)। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আনসার ক্যাম্প সংলগ্ন বেলেপুকুর মহল্লার বাসিন্দা আব্দুস সাত্তার টুনু বার্ধক্যজনিত কারণে মারা যান। এদিকে, বড় ভাইয়ের মৃত্যুর শোকের মধ্যেই ভোর ৪টার দিকে আলিনগর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম চোর ধরতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

রফিকুল ইসলামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, চোর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে রফিকুলের মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বড় ভাই আব্দুস সাত্তার টুনুর জানাজা শেষে বেলেপুকুর কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে রফিকুলের মরদেহ বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন