বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকার সিল্কিবান্ধায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোচ ফহেত আলী বাসটি বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে সেখানে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত অবরোধ চলছিল এবং সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিচয় শনাক্ত এবং পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে।
অন্যদিকে, হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক অবরোধ প্রত্যাহারের জন্য বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-27feb5.jpg)