পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে বালুবাহী একটি ট্রলার (বাল্কহেড) ডুবে গেছে। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা চালকসহ পাঁচজন সাঁতরে তীরে উঠে আসায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে বালু বোঝাই ট্রলারটি চলাচল করছিল। হঠাৎ সেটি ধীরে ধীরে পানিতে ডুবতে শুরু করে। একপর্যায়ে মুহূর্তের মধ্যে ট্রলারটির অধিকাংশ অংশ পানির নিচে তলিয়ে যায়। এ সময় নদীর তীরে থাকা শত শত মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন।
ট্রলারে থাকা চালক ও তার চার সহকর্মী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সাঁতরে নিরাপদে তীরে উঠে আসেন। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পান তারা।
স্থানীয়দের ধারণা, কয়েকদিন ধরে পদ্মা নদীতে পানির পরিমাণ ও স্রোত বেড়েছে। এর মধ্যে ট্রলারে অতিরিক্ত বালু বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে এটি ডুবে যেতে পারে। তবে ট্রলারের যান্ত্রিক ত্রুটির কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়দের কেউ কেউ মনে করছেন।
ঈশ্বরদীর লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার শফিকুল ইসলাম জানান, ট্রলারটি কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন ও প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম পরিচালনা করলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, পাবনার মাসুদ নামে এক ব্যক্তি ট্রলারটি ভাড়া নিয়ে পদ্মা নদীতে বালু পরিবহনের ব্যবসা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ট্রলারটির প্রকৃত মালিক কে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, হার্ডিঞ্জ ব্রিজের নিচে ট্রলার ডুবির খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে অনেক মানুষ নদীর তীরে ভিড় করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

