ঢাকায় শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সড়ক অবোরধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুক্তির মোড় প্রধান সড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার-ফ্যাস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় ৩০মিনিট পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার আহবায়ক আরমান হোসেনের সভাপতিত্বে সংগঠনটির মুখ্য সংগঠক মেহেদী হাসান ও সংগঠক রাফিউল বারী রাজন, সহকারি মুখপাত্র নাইম হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেও দেশে আগ্রাসন বন্ধ হয়নি। ভারতীয় অপশক্তির সকল শেকড় উপড়ে ফেলা হবে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। যেখানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা সেখানে পক্ষপাত করে কর্মসূচীতে অন্যায় ভাবে হামলা করে গুলি চালিয়ে সাধারন ছাত্রদের মারধর করা হয়েছে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয় যাওয়ার ঘোষণা দেয় তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার আহবায়ক আরমান হোসেন বলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

