বগুড়ায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে পাঁচ তারকা হোটেল মমইনে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বুধবার দিনব্যাপী এই জমকালো আয়োজনে ছিল বিভিন্ন ধরনের রাইড ভ্রমণ, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় সভাপতি ও শিবগঞ্জের শহীদ
সেলিম হোসেনের ভাই উজ্জ্বল হোসেন জুবায়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান চৌধুরী হিরু৷ বিশেষ অতিথি ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম আকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা সাকিব খান, জাকিরুল ইসলাম।
আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন রাইডে চড়ে ঘুরে বেড়ানো হয়। এ সময় শহীদ মাহফুজের মেয়ে জেবা মুবাশ্বিরা মনি আমার দেশকে বলেন, ‘আমার বাবা যখন বেঁচে ছিল, তখন ঈদের ছুটিতে আমাকে নিয়ে ঘুরে বেড়াতো। এখন আমার বাবা নেই, তাই কেউ ঘুরে নিয়ে বেড়ায় না। অনেক দিন পর আবার ঘুরতে বের হয়েছি। বিভিন্ন রাইডে উঠেছি। আমার খুব ভালো লেগেছে। আমি অনেক খুশি।’
এমন মহৎ আয়োজনের আয়োজক ও জুলাই শহীদ পরিবার সোসাইটির সভাপতি ও শহীদ সেলিম হোসেনের ভাই উজ্জ্বল হোসেন জুবায়েল আমার দেশকে বলেন, ‘জুলাই আন্দোলনে যারা বাবা, সন্তান, স্বামী আর ভাইকে হারিয়েছেন তাদের জীবনে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। তাদের একটু খুশি রাখতে, আনন্দে রাখতে আজকের এই ঈদ পুনর্মিলনী। বগুড়ার ১৫ জন শহীদ পরিবারের সদস্যরা একত্রিত হয়ে একটু আনন্দ মুখর সময় কাটালো এটাই আমাদের সফলতা। সকলের সহযোগিতা পেলে এমন ধারা অব্যাহত রাখতে চাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

