ফ্রান্সের রাষ্ট্রদূত ঘুরে দেখলেন বানেশ্বরের আম বাজার

ফ্রান্সের রাষ্ট্রদূত ঘুরে দেখলেন বানেশ্বরের আম বাজার
বানেশ্বরের আম বাজার পরিদর্শন করছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ছবি: আমার দেশ

রাজশাহীর অন্যতম বৃহৎ আমের বাজার হিসেবে পরিচিত বানেশ্বর আম বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে সড়কপথে পুঠিয়া রাজবাড়ি চত্বরে পৌঁছান ফ্রান্সের রাষ্ট্রদূত। এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে রাষ্ট্রদূত পুঠিয়া রাজবাড়ি, রাজবাড়ি সংলগ্ন ঐতিহাসিক গোবিন্দ মন্দির ও রানিঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি পুঠিয়ার ঐতিহাসিক স্থাপনা ও স্থাপত্যশৈলী ঘুরে দেখেন।

পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন শেষে দুপুর ২টা ৩৩ মিনিটে বানেশ্বর আম বাজারের উদ্দেশে পুঠিয়া রাজবাড়ি চত্বর ত্যাগ করেন রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা। পরে দুপুর ২টা ৪৮ মিনিটে তাঁরা বানেশ্বর আম বাজারে পৌঁছান।

বাজারের বিভিন্ন প্রজাতির আম ঘুরে দেখেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এ সময় তিনি ব্যানানা ম্যাংগো, আশ্বিনী ও ফজলিসহ বিভিন্ন জাতের আম ঘুরে ঘুরে দেখেন। বাংলাদেশের আমের বৈচিত্র্য ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে আগ্রহ দেখান তিতি।

পরিদর্শন শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা রাজশাহী মহানগরের উদ্দেশে বানেশ্বর বাজার এলাকা ত্যাগ করেন।

ফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তার এই সফরের মধ্য দিয়ে পুঠিয়ার ঐতিহাসিক স্থাপনা ও বানেশ্বরের ঐতিহ্যবাহী আম বাজার আন্তর্জাতিক পর্যায়ে আরো পরিচিতি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন