নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশের তথ্য সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ১৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল তিগ্গা পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাযউতাড়া এলাকার বিরশা তিগ্গার ছেলে। সে কৃষি কাজে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে শ্যামল তিগ্গা পার্শ্ববর্তী সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তার যানটিকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শ্যামলকে মৃত ঘোষণা করেন।
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক 'আমার দেশ'কে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

