একাধিক মামলার আসামি

বগুড়ায় ল্যাংড়া বকুলকে নৃশংসভাবে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

বগুড়ায়  ল্যাংড়া বকুলকে নৃশংসভাবে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
ছবি: আমার দেশ

বগুড়ায় রাকিবুল হাসান বকুল ওরফে ‘ন্যাংড়া বকুল’ (৩৯) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার দুপুর ৩টার দিকে নগরীর ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী পারভীন আক্তার ও শাশুড়ি বুলিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

‎পুলিশ জানিয়েছে, নিহত বকুলের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা ও নারী নির্যাতনসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে পারভীন আক্তারের সঙ্গে বকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে ২০২৪ সালের সেপ্টেম্বরে বকুলের বিরুদ্ধে নারী নির্যাতন ও শিশু দমন ট্রাইব্যুনালে মামলা করেন পারভীন। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বকুলের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে।

‎বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে শ্বশুরবাড়িতে যান বকুল। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বিবাদ শুরু হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন বকুলকে কুপিয়ে জখম করার পর গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনেরা।

‎আসামি আটকের সময় রমজান আলী নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার ওপর হামলার চেষ্টা করেন নিহতের স্বজনেরা। পরে এসআরবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎এসআরবি বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নাসির উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আটক দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন