সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী রুপ কুমার চন্দ্র সরদার (৩১) কে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত রুপ কুমার চন্দ্র সরদার রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের গোপাল চন্দ্র সরদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলা চলাকালে অপর আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে শ্রী রুপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল।

এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর স্বামী রুপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রুপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...