আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈশ্বরদীতে বিশাল শোডাউনে 'দাঁড়িপাল্লা' প্রতীকের গণমিছিল

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে বিশাল শোডাউনে 'দাঁড়িপাল্লা' প্রতীকের গণমিছিল
ছবি: আমার দেশ।

ঈশ্বরদীতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য সমর্থিত পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সমর্থনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পৌর শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস স্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলহাজ্ব স্কুল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির ড. নুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে গণমিছিল ও পথসভা শুরুর আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।

বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই গণমিছিল ঈশ্বরদীর ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিল। হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে—দাঁড়িপাল্লার স্থান জনগণের হৃদয়ে। জনগণ আজ একসুরে বলছে—‘সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ।’

তিনি আরো বলেন, ‘দাঁড়িপাল্লা বিজয়ী হলে একটি সমৃদ্ধশালী, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সামাজিক ও মানবিক রাষ্ট্র গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী ১২ তারিখ জনগণ বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।’

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও আসন পরিচালক মাওলানা জহুরুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম সোহেল, তালিমুল কুরআন একাডেমি জেলা কমিটির সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা রফিউদ্দিন খান, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি বাকিবিল্লাহ খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক ইসরাইল হোসেন শান্ত, পাবনা জেলা প্রকাশনা সম্পাদক আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণমিছিল ও পথসভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন