বোরকা পরে চুরি করতে এসে গ্রামবাসীর হাতে আটক

বোরকা পরে চুরি করতে এসে গ্রামবাসীর হাতে আটক
ছবি: আমার দেশ

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে বোরকা পরে একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টাকালে আব্দুল মুমিন (৩৫) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয় গ্রামবাসী। এ সময় তার সঙ্গে থাকা আরিফুল ইসলাম নামে অপর এক সহযোগী পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মুমিন ও পলাতক আরিফুল ইসলাম একই এলাকার বাসিন্দা। তবে তারা বিভিন্ন সময়ে চট্টগ্রামে বসবাস করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে রোয়াইর গ্রামের বাসিন্দা বেলাল ও তার স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে দুই ব্যক্তি প্রবেশ করেন। স্থানীয়দের দাবি, তাদের দুজনেরই পরনে বেরকা ছিল। বাড়িতে প্রবেশের পর তারা সাজেদা বেগমের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে। গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে আব্দুল মুমিনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তার সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে স্থানীয়রা বিষয়টি ক্ষেতলাল থানার পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে আব্দুল মুমিনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম বলেন, গ্রামবাসীর হাতে আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। বাদীপক্ষ থানায় এলে আইনগত ব্যবস্থা ও মামলার প্রস্তুতি নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন