পাবনার ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। তার নাম আবু বক্কার। বিশেষ অভিযান চালিয়ে তাকে আটকের কথা বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পাবনার গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে মঙ্গলবার রাতে তাকে ধরার সময় বিপুল পরিমাণ কার্তুজও উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি ও পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে অংশ নেন এসআই (নিরস্ত্র) বেনু রায়, এসআই অসিত কুমার বসাক, এসআই আবদুল লতিফসহ কয়েকজন।
এ সময় মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের আবু বক্কারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি সচল ওয়ান শুটারগান, একটি নীল পলিব্যাগে রাখা ৫০টি ১২ বোর তাজা কার্তুজ, একটি টিস্যুব্যাগে রাখা আরো ছয়টি কার্তুজ ও একটি স্যামসাং মোবাইল ফোন।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, আবু বক্কারকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। সে মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

