রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান এবারও বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান এবারও বগুড়া

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় মেধা ও পাসের হারে এবারও আট জেলার মধ্যে প্রথম হয়েছে বগুড়া। জেলার মোট ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন।

বিজ্ঞাপন

এদিকে বগুড়া শহরের শীর্ষস্থানীয় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তিনটিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির হারে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে এবার শীর্ষে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর ২১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৪ দশমিক ৪০ শতাংশ।

পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে শহরের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিয়াম মডেল স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটির ৪৩৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৪৩ জন, যা ৭৮ দশমিক ৬৭ শতাংশ।

বগুড়া জিলা স্কুলের ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জন পাস করায় শতভাগ পাশ হয়নি প্রতিষ্ঠানটির। জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন, অর্থাৎ ৭৮ দশমিক ১২ শতাংশ।

শহরের অন্য শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৩৫৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন, যা ৭৭ দশমিক ৩১ শতাংশ।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৮ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৪ জন, অর্থাৎ ৭৭ দশমিক ৩৩ শতাংশ।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ বলেন, শিক্ষার্থীদের সার্বক্ষণিক সাহস দিয়েছি। তারা ভালো পরীক্ষা দিয়েছে, ভালো ফলাফল করেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন