বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন “আধিপত্যবাদী শক্তির চক্ষুশূল”। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাবনার সাঁথিয়া জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ১০ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত “জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, “সরকারকে বলব, নিজামী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা মনে করব আপনাদের সঙ্গে তাদের আঁতাত রয়েছে।”
তিনি আরও বলেন, “একজন নিজামী বা একজন মুজাহিদকে হত্যা করে ইসলামী আন্দোলনকে শেষ করা যাবে না। ইসলামী আন্দোলনের নেতাদের হত্যা করে এ আন্দোলন দমন করা যায় না। একদিন এ দেশে ইসলাম কায়েম হবেই।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ফলাফল কারচুপির মাধ্যমে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। জনগণ ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, কিন্তু ক্ষমতায় গেছে ধানের শীষ।”
তিনি বলেন, “৭০ শতাংশ ভোটের রায় মেনে নিতে হবে। রাজপথের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। দ্রুত জনগণের রায় মেনে নেওয়া উচিত।”
এ সময় ভারত প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তিস্তায় পানি দেওয়া হয় না। সেই দেশ বন্ধু হতে পারে না। জামায়াতকে নির্মূল করতে পারলে তারা স্বার্থ হাসিল করতে পারবে—এমন ধারণা থেকেই নেতাদের হত্যা করা হয়েছে।”
ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা নেতা হিসেবে পরিচিত এটিএম আজহারুল ইসলাম বলেন, “আমরা দেশ ছেড়ে পালাইনি। বিদেশে থেকে এসে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছি। বীরের বেশে ফাঁসি বরণ করেছি।”
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেন, “মাওলানা নিজামীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। বিচার প্রক্রিয়াটিই ছিল অবৈধ।”
তিনি আরও বলেন, “বিচারকাজের সঙ্গে যারা জড়িত ছিল, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। প্রতিবেশী রাষ্ট্রের ইশারায় তাকে হত্যা করা হয়েছে।”
সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য ও নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ আলী আসগর।
এছাড়াও বক্তব্য দেন আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেলসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ১১ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

