ট্রাফিক আইন অমান্য, বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায়ে রেকর্ড গড়েছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ।
২০২৫ সালের ডিসেম্বরে ৫৭৫টি মামলার বিপরীতে ৩০ লাখ ২ হাজার ৫ শত টাকা, চলতি বছরের জানুয়ারিতে ৭৬২টি মামলার বিপরীতে ৪১ লাখ ৫৬ হাজার ৪ শত টাকা ও ফেব্রুয়ারিতে ৪৩৯টি মামলার বিপরীতে ২৭ লাখ ৪৮ হাজার ৭২৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যা সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের ইতিহাসে সর্বোচ্চ।
ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে গত তিন মাসে প্রায় এক কোটি টাকা রাজস্ব আদায় করা হয়।
সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন বাস, ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে গত তিন মাসে রেকর্ড প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইউক্যাশের মাধ্যমে এই টাকা আদায় করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ। এ ছাড়া আমাদের শক্ত অবস্থানের কারণে বাস-ট্রাক মালিক শ্রমিকদের সড়ক মহাসড়কে কোথাও চাঁদা দিতে হয় না। সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ চাঁদাবাজি মুক্ত মহাসড়ক হিসেবে কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

