নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই শিশু রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা মরজেম আলী গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারা হলেন, মরজেম আলীর বড় ছেলে তুহিন (৮) ও ছোট ছেলে তুষার (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই পারিবারিক বিরোধের জেরে মরজেম আলীর স্ত্রী তুলি বেগম দুই সন্তানকে স্বামীর কাছে রেখে বাবার বাড়িতে যান। মরজেম আলী দুই সন্তানকে নিয়ে বাড়িতেই বসবাস করছিলেন।
বৃহস্পতিবার রাতে বড় ছেলে তুহিন চিড়া ও কলা খেয়ে ঘুমিয়ে পড়ে। অপরদিকে মরজেম আলী ছোট ছেলে তুষারকে সঙ্গে নিয়ে ভাত খেয়ে ঘুমান। রাত আনুমানিক ৩টার দিকে তুহিন হঠাৎ বমি করতে শুরু করলে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকাল ৯টার দিকে চকসেরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
বড় ছেলের দাফনের শোক কাটতে না কাটতেই একই দিন দুপুরে ছোট ছেলে তুষারও একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুর বাবা মরজেম আলী অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, এ ঘটনায় নিহত দুই শিশুর মা তুলি বেগম শনিবার লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
নিহত শিশুদের নানা হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, আমার দুই নাতি তুহিন ও তুষারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত শিশু তুষারের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই পরিবারের দুই শিশুর রহস্যজনক মৃত্যু ও পিতার অসুস্থতার ঘটনায় এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

