আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় মুন্না হত্যা মামলার প্রধান আসামি সাইউম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় মুন্না হত্যা মামলার প্রধান আসামি সাইউম গ্রেপ্তার

বগুড়ার আলোচিত মুন্না হত্যা মামলার প্রধান আসামি সাইউম (৩৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১ উত্তরা ঢাকার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টায় র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সাইউম বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের শাহারপুকুর এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। নিহত আরিফুল ইসলাম মুন্না (৪৩) একই ইউনিয়নের খন্দকারপাড়ার বাসিন্দা ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, সাইউম ও মুন্না দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এছাড়া মুন্না কয়েক মাস আগে সাইউমের বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলা করেছিলেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

গত ২৩ মার্চ রাত সাড়ে ১০টার দিকে সাইউম মুন্নার পথরোধ করে ধারালো বার্মিজ ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মুন্নাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ২৪ মার্চ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকে পলাতক থাকা সাইউমকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকার তুরাগ থানার কামারপাড়া পুরাতন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...