রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ইউট্যাবের নিন্দা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ইউট্যাবের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সংগঠনটি বলেছে, শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ ও হামলার মতো ঘটনা শুধু বেআইনী নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের জন্যও মারাত্মক হুমকি।

বিজ্ঞাপন

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান যৌথ বিবৃতিতে বলেন, সাধারণ ছাত্রদের নামে শিবিরের গুপ্ত কর্মীরা সমন্বয়ক নেতা সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে প্রোভিসি অধ্যাপক মাঈনুদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে এবং প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অভিযোগ রয়েছে, হামলার সময় প্রক্টরের ঘড়ি ও প্রায় দশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ইউট্যাবের নেতারা বলেন, যে কোনো গণতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ ও আইনের সীমার মধ্যে হওয়া উচিত। কিন্তু সহিংসতা, অবরুদ্ধকরণ কিংবা সম্পত্তি ধ্বংস বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করে দেয়। তারা মনে করেন, শিক্ষক, প্রশাসক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান টেকসই ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারে না।

তারা অবিলম্বে ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে প্রশাসনিক নিরাপত্তা জোরদার এবং প্রয়োজনে পুলিশি সহায়তা নিশ্চিত করার উপর জোর দেন যাতে শিক্ষক ও কর্মকর্তারা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন।

ইউট্যাব বলেছে, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জ্ঞানচর্চা, গবেষণা ও মানসিক বিকাশের স্থান। সেখানে কোনো ব্যক্তি বা সংগঠন অবৈধভাবে ভয়-ভীতি প্রদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে—এটি মেনে নেওয়া যায় না। সংগঠনটি দ্রুত সুবিচারমূলক নিষ্পত্তি এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন