আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারাবির নামাজ শেষে

বগুড়ার নন্দীগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ছবি: আমার দেশ

বগুড়ার নন্দীগ্রামে তারাবিহর নামাজ আদায় শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

উপজেলার বুড়ইল গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমজানের প্রথম দিনে এই হত্যাকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিলন রহমান (১৬) ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, বুড়ইল গ্রামের বখাটে যুবক শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে এক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার কিছুক্ষণ পর মিলন স্থানীয় মসজিদে তারাবিহর নামাজ আদায় শেষে বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় শামিম পাঁচ-সাতটি মোটরসাইকেলে ১০-১৫ জনকে নিয়ে সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন