আপিল বিভাগে আবরার, বিশ্বজিৎ ও সিনহা হত্যা মামলার শুনানি শুরু হবে: আইনমন্ত্রী

আপিল বিভাগে আবরার, বিশ্বজিৎ ও সিনহা হত্যা মামলার শুনানি শুরু হবে: আইনমন্ত্রী

বহুল আলোচিত শহীদ আবরার ফাহাদ, বিশ্বজিৎ দাস এবং মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যায়ক্রমিকভাবে শুরু হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য জানান।

সংসদে বক্তব্য রাখার সময় আইনমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর বলেছি—যত ঝড় আসুক, যত বাধা তৈরি করা হোক না কেন, আমরা ন্যায়বিচারের পথ ধরে হাঁটব। বিগত ১৬-১৭ বছরে আমাদের মাঝ থেকে যারা হারিয়ে গেছেন, জীবন দিয়েছেন, গুম হয়েছেন এবং যারা রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা।

বিজ্ঞাপন

আলোচিত মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে মো. আসাদুজ্জামান জানান, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়াও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। এছাড়া জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করার জন্য প্রয়োজনীয় টিম পাঠানো হবে বলেও তিনি সংসদে উল্লেখ করেন।

এর আগে বক্তব্যের শুরুতে চলতি বছরের ১৯ মে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তির নজির তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি জানান, ওই ঘটনায় মামলা দায়েরের আগেই ১৯ মে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ মে মামলা দায়েরের পর মাত্র চার দিনের মাথায় ২৪ মে চার্জশিট দেওয়া হয় এবং সব আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন রায়ে উভয় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের বিচারের ইতিহাসে কোনো মৃত্যুদণ্ডের ঘটনায় সর্বনিম্ন সময়ের মধ্যে আপিল মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠার এই যাত্রায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একইসঙ্গে অধিবেশনে সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেনের উত্থাপিত সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ওপর হামলার বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে দেখবে বলে সংসদে প্রতিশ্রুতি দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...