ডাকাতির পর পুলিশের ধাওয়া, ট্রাক উল্টে ডাকাত নিহত​

ডাকাতির পর পুলিশের ধাওয়া, ট্রাক উল্টে ডাকাত নিহত​

নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয় আরো দুই ডাকাত। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ডাকাতের নাম পরিচয় জানাতে পারেনি নওগাঁ সদর থানার পুলিশ। তবে আহত দুই ডাকাত সদস্য রুবেল হোসেন ও মাসুদ রানাকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশ ভর্তি করেছে।​

নওগাঁ সদর থানার পুলিশ জানায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ঘটনার রাতে সংশ্লিষ্টরা ডাকাতির চেষ্টা করে। এ সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। অবস্থা বেগতিক হলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ নওহাটার মোড় ও আব্দুল জলিল পার্কসহ ৬টি স্থানে ব্যারিকেড দিয়ে ডাকাতদের ধরার উদ্যোগ নেয়। এ সময় ডাকাতরা পুলিশের সব ব্যারিকেড ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিন ডাকাত গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। ডাকাতদের ওই ট্রাক থেকে পুলিশ একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করেছে ।​

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, আহত দুই ডাকাত মাসুদ ও রুবেলকে আটক করা হয়েছে। তাদের সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ডাকাতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের ধারণা হতাহত ডাকাতদের বাড়ি বগুড়া ও নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর এলাকায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন