পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর এলাকায় মানববন্ধনে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ সময় তাদের গুলিতে ইকরাম মোল্লা (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে দশটার দিকে শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইকরাম মোল্লা আটঘরিয়া উপজেলার কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু এবং একই প্রতিষ্ঠানের প্রভাষক আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।
ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার সকালে মানববন্ধন করেন স্থানীয় একটি পক্ষ। এ সময় টিপু বিশ্বাস ও তার সহযোগীরা সেখানে গিয়ে তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে মানববন্ধনে বাধা দেন। পরে উপস্থিত লোকজন তাদের প্রতিহত করতে চাইলে টিপু বিশ্বাস পিস্তল বের করে গুলি করেন। গুলিবিদ্ধ ইকরাম মোল্লা মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা ধাওয়া দিলে তিনি পালিয়ে যান।
গুলিবিদ্ধ ইকরাম মোল্লাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদরাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু ও প্রভাষক আফরোজা খাতুনকে নিয়ে একটি পক্ষ মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রে নেমেছে।
এ সময় বক্তব্য দেন, হোসেন আলী, বকুল হোসেন, আব্দুস সামাদ, মজনু প্রামাণিক প্রমুখ।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় কেউ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

