বগুড়ায় সরকারি পুকুর দখল নিয়ে সংঘর্ষে আহত ৩৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ায় সরকারি পুকুর দখল নিয়ে সংঘর্ষে আহত ৩৩

বগুড়ার শেরপুরে সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে এ সংঘর্ষ ঘটে।

বিজ্ঞাপন

আহতদের প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় কয়েকজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাগরদিঘী পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর ৩টার দিকে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৩৩ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন—আজিজুর রহমান (৫৭), সুশীল চন্দ্র মাহাতো (৫৭), রমিছা বেগম (৪৭), দুলাল (৪৮), নাছির (৩৫), জাহানারা বেগম (৫০), মাহমুদুল হাসান লিটন (৪২), আরিফুল ইসলাম (৩৬), জাহাঙ্গীর (৩৮), সবুজ (৩৫), রাতুল সরকার (৩২), ছালাম (৬৫), শফিকুর রহমান (৪৫), স্বাধীন (১৯), খুশি (৩৫), জুয়েল, রাশেদা (২৫), রাকিব হাসান (২১), মঞ্জিলা (৪৫), ওজুদা (৩০), তাওহীদ (১৫), তাছলিমা (৩৬), মোহাম্মদ (২৫), হাসান (১৪), রাজু (৩০), রহিমা (২০)সহ আরও অনেকে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ময়নুদ্দিন বলেন,‘আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে সেখানেও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন