আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, নওগাঁ

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ
ছবি: আমার দেশ

নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিমন হোসেন (৩০) নামে কোচিং সেন্টারের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন এবং ইটভাটার কাজে ব্যবহৃত ৪টি ট্রাক্টর, ১টি ভেকু (এক্সকাভেটর) মেশিনে অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নিহত রিমন হোসেন প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে আড়চা গ্রামে যাচ্ছিলেন। এ সময় কাদিমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিবিসি ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের কীর্ত্তিপুর গ্রামের শশীর মোড়ে অবস্থিত বিবিসি ইটভাটার ৪টি ট্রাক্টর ও ১টি ভেকু (এক্সকাভেটর) মেশিনে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে সদর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইটভাটা ভেঙ্গে দেওয়ার আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় উত্তেজিত এলাকাবাসী।

এবিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুশফিকুর রহমান বলেন, ট্রাক্টরের চাপায় শিক্ষক রিমন হোসেন মারা যান। চালক পলাতক রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন