আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম আকাশের পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাড়িতে থাকা কৃষিপণ্যসহ পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম আকাশ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটিতে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। পরিত্যক্ত মাটির বাড়িতে আলুসহ বিভিন্ন ফসলের মজুত ছিল।

আত্মগোপনে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম আকাশ বলেন, রাজনৈতিক কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগুনে ঘরে থাকা কৃষিপণ্য ও পুরোনো আসসাবপত্র পুড়ে গেছে। এতে আমার দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, আগুনের কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন