জনগণের সঙ্গে তামাশা না করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার বিকেলে নাটোর শহরের কানাইখালী এলাকায় ১১ দলীয় জোট নাটোর জেলা শাখার আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ দাবি জানান।
সেমিনারে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাজারো শহীদের সঙ্গে বেঈমানী করা হবে। দেশের মানুষ তা কখনো মেনে নেবে না। তারা বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহ্দী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি।
নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন এনসিপির জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ, জুলাই শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম এবং খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানসহ অনেকে।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন এবং দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থায় জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

