রাজশাহী-ঢাকা মহাসড়কে টানা দুই দিন ধরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বুধবার দ্বিতীয় দিনের মতো রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। তিনি জানান, মালিকদের মধ্যে চলমান বিরোধের কারণেই সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ করে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি কাজে ঢাকাগামী যাত্রীরা। কাউন্টারে এসে বাস না পেয়ে অনেকেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। আগাম কোনো ঘোষণা না থাকায় বিকল্প ব্যবস্থাও নিতে পারেননি তারা।
ভুক্তভোগী যাত্রী কামরুল হাসান বলেন, সকালে ঢাকায় যাওয়ার জন্য কাউন্টারে এসে দেখি কোনো বাস চলছে না। আগে জানানো হলে অন্যভাবে যাওয়ার চেষ্টা করতে পারতাম।
একই ধরনের ভোগান্তির কথা জানিয়ে যাত্রী রেবেকা বলেন, সকাল থেকে কাউন্টারে দাঁড়িয়ে আছি, খুবই গুরুত্বপূর্ণ কাজে আজকেই ঢাকা যাওয়া জরুরি কিন্তু কোথাও যাওয়ার কোনো উপায় নেই। হঠাৎ করে এমন সিদ্ধান্তে আমাদের মতো যাত্রীরা চরম বিপাকে পড়েছি।
শিক্ষার্থী সাগর বলেন, শুক্রবার পরীক্ষার জন্য ঢাকায় যাওয়া জরুরি ছিল। বাস বন্ধ থাকায় কীভাবে যাব, সেটি নিয়ে অনিশ্চয়তায় আছি।
জানা গেছে, রাজশাহী ও নাটোরের বাস মালিকদের মধ্যে চলমান বিরোধ থেকেই এই সংকটের সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত কবে নাগাদ বাস চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
এ বিষয়ে নজরুল ইসলাম হেলাল বলেন, সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি। আজ বিকেলের মধ্যেই সমাধান হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

