নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

আমিনুল ইসলাম হিরো, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

বাংলা নববর্ষকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে গামছা, শাড়ি ও লুঙ্গি তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন তাঁতশ্রমিকরা। তবে এ কর্মচাঞ্চল্যের মধ্যেও উৎপাদন খরচ বৃদ্ধি, জ্বালানি সংকট ও কাঁচামালের মূল্যবৃদ্ধি ঘিরে দুশ্চিন্তা বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে।

উপজেলার বিভিন্ন তাঁতপল্লি ঘুরে দেখা গেছে, ছোট-বড় কারখানাগুলোতে হ্যান্ডলুম ও পাওয়ারলুমে পুরোদমে চলছে কাপড় উৎপাদন। নববর্ষ উপলক্ষে পাইকার ও ক্রেতাদের চাহিদা বেড়েছে। ফলে রঙিন শাড়ি, নকশাদার গামছা ও উন্নতমানের লুঙ্গি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। তাঁত শ্রমিক আবু ফারুক হোসেন ও সাইফুল ইসলাম বলেন, নববর্ষ এলেই কাজ বাড়ে, কিন্তু সে অনুযায়ী আয় বাড়ে না। বিদ্যুৎ বিভ্রাট হলে কাজ বন্ধ হয়ে যায়, তখন আয়ও বন্ধ থাকে। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। কাজের ব্যস্ততার আড়ালেও অনিশ্চয়তা ও দুশ্চিন্তা বাড়ছে।

বিজ্ঞাপন

তাঁত মালিক ফাতেমা ইসলাম বলেন, বাজারে চাহিদা থাকলেও লাভের নিশ্চয়তা নেই। সুতা, রঙ ও কেমিক্যালের দাম বেড়ে উৎপাদন খরচ বাড়ছে। বিদ্যুতের অনিয়মিত সরবরাহে অনেক সময় মেশিন বন্ধ রাখতে হয়, এতে উৎপাদন কমে। জেনারেটর চালাতে গেলে ডিজেলের উচ্চমূল্যের পাশাপাশি চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। এতে ছোট ও মাঝারি মালিকদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

তাঁত মালিক নুরনবী বলেন, উৎপাদন খরচ বাড়ায় ব্যবসা ধরে রাখা কঠিন হয়ে গেছে। বিদ্যুৎ ও কাঁচামালের সংকটের পাশাপাশি ডিজেল না পাওয়ায় জেনারেটর চালানোও ব্যাহত হচ্ছে। রুবেল হোসেন বলেন, বিদ্যুৎ সমস্যায় কাজের ধারাবাহিকতা থাকে না। জেনারেটরের ওপর নির্ভর করলেও ডিজেল সংকটে নিয়মিত চালানো সম্ভব হয় না। বাংলাদেশ তাঁত বোর্ডের এক কর্মকর্তা জানান, রায়গঞ্জের তাঁতশিল্প সম্ভাবনাময় হলেও নানা সীমাবদ্ধতা রয়েছে। তাঁতশিল্প টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা সবসময় দেওয়া সম্ভব না হলেও প্রণোদনা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রয়েছে।

সচেতন মহলের মতে, রায়গঞ্জে প্রায় দেড় হাজার তাঁত কারখানায় কয়েক হাজার তাঁত চালু রয়েছে। এ শিল্পের সঙ্গে জড়িত অসংখ্য মানুষের জীবিকা নির্ভরশীল। তাই সময়োপযোগী সহায়তা ও বিদ্যুৎ-কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা গেলে এ শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন