আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান

আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন জনগণ হতে দেবে না

স্টাফ রিপোর্টার, বগুড়া

আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন জনগণ হতে দেবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এখন একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে। তারা জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার এবং সংবিধানের মৌলিক সংস্কার না করেই যেনতেন ভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন আর হতে দেবে না। আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই। তার আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে নির্বাচন দিতে হবে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে বগুড়ার টিটু মিলনায়তনে শহর জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। এই হত্যার সাথে জড়িত বিচারক, আইনজীবী, সাক্ষীসহ সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধশালী, দূর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, মানিবক বাংলাদেশ গড়তে চায়। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি উদাত্ব আহ্বান জানান।

রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে জামায়াত-শিবির সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছে। বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবুও আমাদের চলার গতি থামাতে পারেনি। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। দুনিয়ার কোন শক্তি আমাদেরকে রুখতে পারবে না।

বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাও. আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।

শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকার সেক্রেটারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, মো. আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন