চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলার নাচোল উপজেলার হাটবাকইল এলাকায় এ ঘটনা ঘটে।
নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এমদাদুল হক এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। নয়ন আলী নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এমদাদুল হক বলেন, রাতে হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নিচতলায় টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযানের সময় নয়নের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকার পণ্য। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আগুন নেভাতে গিয়ে নয়নের মৃত্যু হয়েছে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

