চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম (৩৩) ও তার সহযোগী রুবেল ওরফে ডলারকে (২৯) আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার সাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সাহাপাড়া বাজার ও সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলে এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে আটক করে। এ সময় তার কোমর থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রফিকুল শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। তার সহযোগী রুবেল ওরফে ডলার একই এলাকার জাহাঙ্গীরের ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

