বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে গঠন করবে বিএনপি সরকার।
শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফ্যাসিবাদের শাসনামলে আহত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছি আমরা। কিন্তু এ সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল করার জন্য আমরা আন্দোলনে নামিনি। এ দেশের ছাত্রসমাজ আমাদের অহংকার। কেননা তাদের আন্দোলনেই বাংলা ভাষা ও স্বাধীনতা পেয়েছি আমরা।
তিনি বলেন, নাটোরে উদ্ধার করা অস্ত্র সন্ত্রাসী শিমুলের। এ অন্ত্র দিয়ে বিএনপির নেতাদের গুলি করেছে শিমুল। তাদের ওপর হামলা করেছে। সেই অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

