আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাপাহারে ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

সাপাহারে ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: আমার দেশ

নওগাঁর সাপাহারে এক স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার তুরিপাড়া এলাকায় চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন পাকা সড়কে দশম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। এ সময় পথে কয়েকজন যুবক তার পথরোধ করে।

বিজ্ঞাপন

তারা লাঠি, রড ও ধারালো অস্ত্র দেখিয়ে, ভয়ভীতি প্রদর্শন করে, ছাত্রীর কানে থাকা প্রায় আড়াই থেকে তিন আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে সাপাহার থানা পুলিশ প্রধান আসামি মিজানুর ইসলামকে গ্রেপ্তার করে এবং তার কাছে থেকে ছিনতাই হওয়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তিনি জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন