সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ চলছে। ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা কামালকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ম্যানেজার ফরিদ আহম্মেদ এতথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে রাজশাহী থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রেনটি বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনের (ঝ বগি) একটি বগির চাকা খুলে পড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে যাত্রীরা ট্রেনটির শিকল টেনে গতি থামালে ট্রেনটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। দুপুর ২টা ৪৫ মিনিটে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ট্রেনের যাত্রী আরিফা খাতুন বলেন, আমি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলাম। ট্রেনটি ওভারব্রিজ এলাকা থেকে সমস্যা দেখা দেয়। যাত্রীরা শিকল টেনে ট্রেনটি থামানোর চেষ্টা করে। ট্রেনটি মনসুর আলী স্টেশন এলাকা অতিক্রম করার সময় চাকা খুলে যায়। এসময় ট্রেনটি থেমে গেলে দ্রুত নেমে যাই। তিনি আরো বলেন, সাড়ে ৫ ঘণ্টা স্টেশনে বসে ছিলাম।

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ম্যানেজার ফরিদ আহম্মেদ বলেন, কখন ট্রেন চলাচল শুরু হবে তা বলতে পারছি না। দুর্ঘটনা কবলিত ট্রেন রেলপথ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লাইন রিপিয়ারিং করতে হবে। তার পর ট্রেন চলাচল শুরু হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন