সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ৮০ বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে অন্তত ৩০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অবিলম্বে ইটভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে গতকাল তেলিজানা গ্রামে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। স্থানীয়দের অভিযোগ, বিলচন্ডি এলাকায় অবস্থিত ‘তানজিলা’ ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও গ্যাস আশপাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ে। এতে ধানগাছ ঝলসে যায় এবং শীষ কালচে হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, ইটভাটার পাশের জমিগুলোর ধানগাছ শুকিয়ে গেছে। অনেক জমিতে ধানের শীষ নষ্ট হয়ে পড়েছে।
কৃষকদের দাবি, হঠাৎ করেই এ ক্ষতি হয়েছে এবং এর জন্য ইটভাটার বিষাক্ত গ্যাস ও ধোয়া দায়ী।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মালেক ও আব্দুল আলীম জানান, তাদের প্রায় ৯ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। আমজাদ হোসেন বলেন, এক রাতের ব্যবধানে আমার জমির ধান শেষ হয়ে গেছে। পরিবার চালানো ও ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তায় পড়েছি।
কৃষক গোকুল নন্দী বলেন, আমার একমাত্র আয়ের উৎস এই জমি। ধান নষ্ট হওয়ায় চরম বিপাকে পড়েছি। গতকাল এলাকার শতাধিক কৃষকেরা বিক্ষোভ করে তানজিলা ইটভাটা বন্ধ ও ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণের জোর দাবি করেন।
অভিযোগের বিষয়ে ইটভাটা মালিক ফারুক হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তার ভাটার কারণে কোনো ক্ষতি হয়নি। এটি অন্য কারণে হতে পারে। এ সময় তিনি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ বা প্রশাসনিক পদক্ষেপের বিষয়েও অবজ্ঞাসূচক মন্তব্য করেন।
রায়গঞ্জ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ধানক্ষেত নষ্ট হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ নিয়ম না মেনে ইটভাটা পরিচালনার ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দ্রুত তদারকি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

