ঢাবি কেন্দ্রিকতার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ

ঢাবি কেন্দ্রিকতার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রিক সিন্ডিকেট তৈরি করে দেশের সব সেক্টরে ক্ষমতা কুক্ষিগত করার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বেলা সাড়ে ১১টায় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন।

এ সময় শিক্ষার্থীরা- ‘ঢাকা না রংপুর, ‘রংপুর, রংপুর, ‘ঢাকা না কুমিল্লা, ‘কুমিল্লা, কুমিল্লা, ‘ঢাকা না রাজশাহী, ‘রাজশাহী, রাজশাহী, ‘ঢাবি না রাবি, রাবি, রাবি' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

Rabi-1

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশ থেকে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীকতা থেকে মুক্তি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। আমরা এ আধিপত্য মানিনা। আমরা পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সবকিছুর পুর্নগঠন চাই।’

আরেক সমন্বয়ক ফাহিম রেজা জানান, আমরা ডিসেন্ট্রোলাইজড বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখানে দাঁড়িয়েছি। আমাদের লক্ষ্য হলো ঢাবিকেন্দ্রিক আধিপত্যের বাইরে এসে দেশের সব বিশ্ববিদ্যালয়কে তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার দেওয়া। রাষ্ট্র পুনর্গঠনে এই প্রক্রিয়ায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ঢাবি-সিন্ডিকেটের একচেটিয়া প্রভাবের অবসান ঘটিয়ে পিএসসি ও ইউজিসিতে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, আমাদেরও সেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে রাবি ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন