উচ্চ স্বরে গান-বাজনা ও গাঁজা সেবনের অভিযোগ

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক
ছবি: আমার দেশ

গুরুদাসপুরের চলনবিলে নৌকায় উচ্চ স্বরে গানবাজনাসহ অশ্লীল উন্মাদনার সময় সাউন্ড সিস্টেমসহ চারটি নৌকা আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু গাঁজার পুরিয়া ও সেবনের উপকরণ জব্দ করা হয়। তবে কেউ আটক হয়নি।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিলের পর্যটন এলাকা বিলশা থেকে এসব সামগ্রী আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলনবিলে বর্ষার নতুন পানি আসায় তরুণ-যুবকেরা নৌকা ভাড়া নিয়ে বিনোদনে বের হয়। কিন্তু সুস্থ বিনোদনের পরিবর্তে তারা সাউন্ড সিস্টেম নিয়ে উচ্চ স্বরে গান-বাজনা, অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচি করছিল।

এতে বিলপাড়ের আশপাশের গ্রামগুলোর মানুষ পরিবার নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে। জনদুর্ভোগে পড়ে বিরাট জনগোষ্ঠীর মানুষ।

এমন খবরে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনে পক্ষে অভিযান চালিয়ে চারটি প্রমোদতরি আটক করা হয়। নৌকাগুলোতে কমপক্ষে প্রায় ১০০ তরুণ-যুবক ছিল। নৌকা আটকের পর সেখানে বেশ কিছু গাঁজার পুরিয়া ও গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়।

এ সময় নৌকায় থাকা তরুণ-যুবকদের আটক করা না হলেও নৌকায় থাকা সাউন্ড সিস্টেমগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, বর্ষা ঘিরে চলনবিল উত্তাল হয়ে ওঠে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ বিনোদন নিতে আসে বিলশা পর্যটন এলাকায়। কিন্তু কিছু তরুণ-যুবক সুস্থ বিনোদনের পরিবর্তে অশ্লীলতায় মেতে ওঠে। এতে অনেকে পরিবার নিয়ে এসে বিব্রতকর অবস্থায় পড়ে। এ অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন