ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। প্রাচীন জমিদারি স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন এবং ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে একটি প্রতিনিধি দলের সঙ্গে পুঠিয়া রাজবাড়ীতে পৌঁছান রাষ্ট্রদূত। এ সময় তিনি রাজবাড়ী প্রাঙ্গণে অবস্থিত জাদুঘর, রানীরঘাট, গোবিন্দ মন্দির, আন্নিক মন্দির, শিবমন্দিরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি এসব স্থাপনার নির্মাণশৈলী, ইতিহাস এবং বর্তমান সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “পুঠিয়া রাজবাড়ী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এর আরও উন্নয়ন ও সংরক্ষণ প্রয়োজন। ভবিষ্যতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।”
রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে রাজবাড়ী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তাকে একনজর দেখতে ভিড় করেন। পরিদর্শনকালে তার মুখে ছিল ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর প্রতি আগ্রহ ও উচ্ছ্বাসের ছাপ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হকসহ রাজবাড়ী রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর আন্তর্জাতিক পর্যায়ে পুঠিয়া রাজবাড়ীর পরিচিতি আরও বাড়াবে। একই সঙ্গে ঐতিহাসিক এই স্থাপনার সংরক্ষণ ও পর্যটন বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

