লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম
ছবি: আমার দেশ

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লায় এক দিনমজুরের ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। বিরল এ ঘটনায় আনন্দে পরিবার ও পুরো এলাকাবাসী। তবে আনন্দের মাঝেই ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকটের দুশ্চিন্তা।

সোমবার সকালে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে আসিরা আক্তার সুরাইয়া (২৫) নামে এক গৃহবধূ একসঙ্গে তিনটি ছেলের জন্ম দেন। তিনি বিরোপাড়া মহল্লার দিনমজুর রাজুর স্ত্রী।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, সফলভাবে প্রসব সম্পন্ন হওয়ার পর মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছে। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

একসঙ্গে তিন সন্তান জন্মের সংবাদ ছড়িয়ে পড়তেই আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে। অনেকেই হাসপাতালে গিয়ে নবজাতকদের দেখতে ভিড় করছেন এবং পরিবারটির জন্য শুভকামনা ও আশীর্বাদ জানাচ্ছেন।

পরিবার সূত্রে জানা যায়, এর আগে দম্পতির ঘরে রাব্বি নামে আড়াই বছর বয়সি আরও এক পুত্রসন্তান রয়েছে। নতুন তিন নবজাতকসহ এখন চার পুত্রসন্তানের বাবা-মা হলেন এই দম্পতি।

তবে আনন্দের পাশাপাশি দিনমজুর রাজুর পরিবারে দেখা দিয়েছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। সীমিত আয়ের সংসারে চার সন্তান লালন-পালন ও শিক্ষার ব্যয় বহন করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন স্বজনেরা।

মুক্তার জেনারেল হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন জানান, তিন নবজাতকসহ মা সুস্থ রয়েছেন। তবে তাদের ওজন কম হওয়ায় আরো দুই-এক দিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন